দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শুক্রবার (৭ আগস্ট) দুই দিনের সরকারি সফরের প্রথম দিনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গণি বেকারি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ ও ৮ আগস্ট চট্টগ্রাম সফর করছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। সফরকালে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দাপ্তরিক সভায় অংশ নেবেন। পাশাপাশি নগরীতে বাংলা কিউআর প্রচারণা কার্যক্রমেও অংশ নেবেন তিনি।
সফরের প্রথম দিনে গণি বেকারি থেকে ঐতিহ্যবাহী বেলা বিস্কুট কেনেন গভর্নর। এ সময় তিনি বাংলা কিউআর ব্যবহার করে পণ্যের মূল্য পরিশোধ করেন। একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
গভর্নর বলেন, গণি বেকারির মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে বাংলা কিউআরের ব্যবহার দেশের ডিজিটাল লেনদেনের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও জনগণের আস্থার প্রতিফলন। ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল পেমেন্টের বিস্তার লেনদেনে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি ব্যয় কমানো এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি দেশের সব ব্যবসাপ্রতিষ্ঠানকে বাংলা কিউআর গ্রহণের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অনুরোধ করেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, তাদের উদ্যোগে বাংলা কিউআর সারা দেশে একটি আন্তঃপরিচালনযোগ্য, নিরাপদ ও সহজ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
সান নিউজ/ হুমায়রা
