সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তিনি তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর গোয়াইনঘাট থানাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্য সেখানে উপস্থিত হন। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে এসআই দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে জৈন্তাপুর থানা হেফাজতে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আটক কামাল আহমেদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। অপরাধ সংক্রান্ত তথ্য ও মামলা যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
সাননিউজ/বান্না
