২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই মাস পিছিয়ে মার্চে নেওয়ার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগে আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর প্রাথমিক পরিকল্পনা করা হলেও শিক্ষা বিভাগ এখন সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে।
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি এবং অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে মার্চে পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সবকিছু চূড়ান্ত হলে মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু হতে পারে।
শিক্ষা বিভাগের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, রমজান ও ঈদুল ফিতরের বিষয়টি বিবেচনার পাশাপাশি অভিভাবকদের মতামতকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব বিষয় পর্যালোচনা করে এসএসসি ও সমমানের পরীক্ষা মার্চে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হতে পারে। সে ক্ষেত্রে রমজান ও ঈদুল ফিতরের পর মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু করার পরিকল্পনা নেওয়া হতে পারে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে। একইভাবে ২০২৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে।
গত ১৪ মে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এসএসসি, এইচএসসি ও সমমানের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর জন্য দুই বছরের গ্যাপ কমিয়ে আনার লক্ষ্যে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরকে শিক্ষা বছরের শেষ ও পরীক্ষার মাস হিসেবে বিবেচনার পরিকল্পনার কথাও তখন জানানো হয়।
দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা মহামারির পর থেকে সেই সূচি আর ঠিক রাখা সম্ভব হয়নি। পরীক্ষা ক্রমেই পিছিয়ে গেছে। চলতি বছরও এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় জুলাইয়ে।
এ অবস্থায় আগামী বছরের পরীক্ষা আগাম আয়োজনের উদ্যোগ নেয় শিক্ষা বিভাগ। প্রথমে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে এ নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।
পরে অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত সভায়ও ডিসেম্বরে এসএসসি পরীক্ষা না নেওয়ার পক্ষে মতামত আসে। এরপর এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে আয়োজনের পরিকল্পনা করা হয়।
তবে শেষ পর্যন্ত ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা কোন মাসে অনুষ্ঠিত হবে, তা আরও পর্যালোচনার পর চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সান নিউজ/ জামান
