আসন্ন এইচএসসি (২০২৬) পরীক্ষাকে সামনে রেখে তিনটি জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত তিনটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষাসংক্রান্ত যেকোনো সমস্যা, তথ্য বা জরুরি প্রয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন। কন্ট্রোল রুমের ফোন নম্বর- ০২-২২৩৩৬৯৮১৫। এছাড়া ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইল করা যাবে [email protected] ঠিকানায়।
ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার প্রসঙ্গে বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে নন-প্রোগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে। অনুমোদিত ক্যালকুলেটরের মডেলগুলো হলো— এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস প্লাস এবং এফএক্স-৯৯১সিডাব্লিউ।
পরীক্ষার দিন কেন্দ্রে প্রবেশ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে শুধু পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশসংক্রান্ত পূর্বের সব নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
সান নিউজ/ জামান
