২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। তিন বন্ধু অর্জুন, কবির ও ইমরানের বন্ধুত্ব, জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি এবং নানা অভিজ্ঞতার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি দর্শকের ব্যাপক প্রশংসা পায়। বক্স অফিসেও সফল হয় ছবিটি। মুক্তির এক যুগের বেশি সময় পরও সিনেমাটির জনপ্রিয়তা কমেনি, বরং সময়ের সঙ্গে এর আবেদন আরও বেড়েছে।
দীর্ঘদিন ধরেই ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল নির্মাণের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনে সত্যতার সিলমোহর দিলেন নির্মাতা জোয়া আখতার নিজেই।
মনসুন ফিল্ম ফেস্টিভ্যালে দ্য হলিউড রিপোর্টার-কে দেওয়া সাক্ষাৎকারে জোয়া জানান, ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’-এর গল্প নিয়ে কাজ করছেন তারা। তিনি বলেন, ‘আমরা গল্পটি নিয়ে কাজ করছি। যদিও আমরা ঠিক জানি না, কী হবে; ওই চরিত্রগুলোকে এই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু করতে পারলে তো দারুণ হবে।’
‘জিন্দেগি না মিলেগি দোবারা’য় তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেন অভয় দেওল, হৃতিক রোশন ও ফারহান আখতার। দীর্ঘ বিরতির পর গত বছর একটি বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে দেখা যায় তাদের। তিন তারকাকে একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়। অনেকেই সেটিকে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’-এর প্রথম ঝলক বলে ধরে নিয়েছিলেন।
তবে সেটি ছিল কেবল একটি বিজ্ঞাপনচিত্র। পরে এ নিয়ে নির্মাতা জোয়া আখতারকে অনেকে নেতিবাচক বার্তাও পাঠিয়েছিলেন বলে জানা যায়।
সিক্যুয়েলের মুক্তির তারিখ বা নির্মাণের নির্দিষ্ট সময়সীমা এখনো জানানো হয়নি। তবে জোয়ার বক্তব্যে আশাবাদী হয়ে উঠেছেন সিনেমাটির ভক্তরা। তিন বন্ধুর সেই পুরোনো গল্প নতুন সময়ের প্রেক্ষাপটে কীভাবে ফিরবে, এখন সেটিই দেখার বিষয়।
‘জিন্দেগি না মিলেগি দোবারা’য় অভয় দেওল, হৃতিক রোশন ও ফারহান আখতারের পাশাপাশি অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, কাল্কি কোয়েচলিন, নাসিরুদ্দিন শাহসহ আরও অনেকে।
সান নিউজ/ হুমায়রা
