দীর্ঘ এক দশকের প্রেমের অবশেষে পরিণতি ঘটল। দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাগদানের ঠিক এক বছর পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি।
বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে জানিয়েছেন রোনালদো ও জর্জিনা। ইনস্টাগ্রামে হাতের আংটি ও সাদা পোশাকে তোলা ছবি প্রকাশ করে তারা ক্যাপশনে লেখেন, ‘সি লাভ জি’।
এর আগে গণমাধ্যমে খবর ছড়িয়েছিল, রোনালদো তার নিজ শহর পর্তুগালের মাদেইরায় বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন। সেই খবরের ভিত্তিতে শহরটির একটি ক্যাথেড্রালের সামনে ভক্ত ও গণমাধ্যমকর্মীদের ভিড়ও দেখা যায়। পরে জানা যায়, সেখানে বিয়ে হচ্ছিল অন্য এক দম্পতির।
তবে একই দিন রোনালদো ও জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় পর্তুগালের অন্য একটি শহরে। রাজধানী লিসবন থেকে প্রায় ২০ মাইল দূরের ক্যাসকাইসে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তানও।
এর আগে গত বছরের ১১ আগস্ট বাগদান সেরেছিলেন রোনালদো ও জর্জিনা। বাগদানের এক বছর পূর্তিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারা। বিয়েতেও ছিল না কোনো জমকালো আয়োজন; বরং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে পুরো অনুষ্ঠান।
২০১৬ সালে মাদ্রিদের একটি ব্র্যান্ডশপে জর্জিনার সঙ্গে রোনালদোর পরিচয়। সেখান থেকেই শুরু হয় সম্পর্ক, যা এক দশক পর পেল আনুষ্ঠানিক পরিণতি। দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর তাদের সংসারে এসেছে সন্তানও। এবার আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রীর স্বীকৃতি পেলেন রোনালদো-জর্জিনা।
আমার বাঙলা/ রাব্বি
