চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ও হাটহাজারী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। গতকাল শনিবার (১৬ মে) এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকার মো. আছান উল্লাহ ওরফে হাসান (৩৫), ফেনীর ছাগলনাইয়া উপজেলার সালধর এলাকার জাহিদুল ইসলাম ওরফে আসিফ (২১) এবং ফেনীর পরশুরাম থানার হাসানুর রাহি (১৯)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে জাল টাকা বিক্রির উদ্দেশ্যে একদল লোক অবস্থান করছে জানতে পেরে র্যাব সদস্যরা উপস্থিত হলে আছান উল্লাহ পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী থানার আলীপুর আব্বাসিয়াপুর এলাকায় আরেকটি অভিযান চালায় র্যাব। সেখান থেকে জাহিদুল ইসলাম ও হাসানুর রাহিকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৮৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আমারবাঙলা/এনইউআ
