নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার খিদিরপুর বাজার এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কোনাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে সুবাহান (৪২) এবং খিদিরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মনসুর (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে এবং তার দিকনির্দেশনায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে খিদিরপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে বাজারের তিন রাস্তার মোড়ের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাকা সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
মনোহরদী থানার ওসি মোঃ শাহিনুর ইসলাম জানান, মাদক নির্মূলে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। তিনি আরও বলেন, সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
