ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা সদর রোডের নূর জুয়েলার্স নামের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, এক ব্যক্তি ওই জুয়েলার্সের দোকানে বেশ কিছু স্বর্ণালংকার বিক্রির চেষ্টা করছেন। পরে ডিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে থাকা কালো রঙের একটি হাতব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করে।
উদ্ধার করা স্বর্ণালংকারের পরিমাণ ৯ ভরি ১৫ আনা ১ রতি। এ ছাড়া তার কাছ থেকে ৫ লাখ টাকা নগদ অর্থ, দুই জোড়া ব্রোঞ্জের রুলি, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি ও একটি তামার ব্রেসলেট উদ্ধার করা হয়। স্বর্ণালংকারের বৈধ মালিকানা ও ক্রয়সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তির মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, তিনি ঢাকার মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার সাম্মা তাছলিম নামে এক নারীর বাসা থেকে এসব স্বর্ণালংকার ও টাকা চুরি করে ভোলায় নিয়ে আসেন। পরে সেগুলো বিক্রির চেষ্টা করছিলেন বলে পুলিশের দাবি।
ভোলা জেলা পুলিশের পুলিশ মিডিয়া সেল শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মোহাম্মদ আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাকার মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন।
সাননিউজ/বান্না
