পঞ্চগড় সদর উপজেলায় দ্রুতগতির একটি নাইট কোচ ও অটোরিকশার সংঘর্ষে হকিকুল ইসলাম নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ভাতিজাসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তেঁতুলিয়া-পঞ্চগড় এশিয়ান হাইওয়ের বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হকিকুল ইসলাম শালবাহান রোডের শানু বালাবাড়ী এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির নাইট কোচ বোর্ড বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিক্ষক হকিকুল ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশার চালক (নিহতের ভাতিজা) ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
সাননিউজ/বান্না
