গাইবান্ধার ফুলছড়িতে হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে নৌকার মধ্যে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যা সন্তান। গত ৩১ অক্টোবর শনিবার বিকালে ফুলছড়ি ইউনিয়ন থেকে ফুলছড়ি ঘাটে যাওয়ার পথে যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত শনিবার বিকালে দুর্গম পথ পাড়ি দিতে স্বজনরা প্রথমে কিছুটা পথ হেঁটে এবং পরে মাচায় করে সতর্কতার সঙ্গে ওই নারীকে নৌকাঘাট পর্যন্ত নিয়ে আসে। এ সময় ফুলছড়ি চরাঞ্চলে মাঠপর্যায়ের কার্যক্রম শেষ করে নৌকায় করে ফিরছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের কর্মীগণ। প্রসববেদনায় কাতর এক নারীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য তাঁর স্বজনরা কর্মীদের কাছে নৌকায় তুলে নেওয়ার অনুরোধ করেন। প্রসূতির শারীরিক অবস্থা ও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাকে নৌকায় তুলে নেওয়া হয়। নৌকায় উঠানোর কিছুক্ষণের মধ্যেই তার প্রসববেদনা তীব্র হয়ে উঠে। এমন পরিস্থিতিতে নৌকায় থাকা নারী কর্মী ও স্বজনরা কাপড় দিয়ে চারপাশ আড়াল করে প্রসবের উপযোগী পরিবেশ সৃষ্টি করা হয়।
একদিকে নৌকা দ্রুতগতিতে ঘাটের দিকে ছুটছিল, অন্যদিকে মা ও অনাগত সন্তানের নিরাপত্তা নিয়ে সবার মাঝে ছিল চরম উৎকণ্ঠা। অবশেষে প্রায় ৪০ মিনিটের নৌযাত্রার মাঝপথে নদীর মধ্যে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তানটি। মুহূর্তেই উপস্থিত সবার উৎকণ্ঠা কেটে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে।
গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা রোকন উদ দৌলা বলেন, চরাঞ্চলের প্রতিকূল যোগাযোগ ব্যবস্থার মধ্যে মানবিক দায়িত্ববোধ ও সকলের আন্তরিক সহযোগিতায় নতুন প্রাণের নিরাপদ আগমন সম্ভব হয়েছে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মা ও নবজাতক দুজনই বর্তমানে সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছে।
সাননিউজ/বান্না
