ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা গোলচত্বরে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকল্প সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করছে মিরপুর ট্রাফিক বিভাগ। অবরোধের কারণে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা বলেন, পোশাক শ্রমিকরা আবারও সড়ক অবরোধ করেছেন। বর্তমানে মিরপুর-১০ নম্বর এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার ও শনিবার একই দাবিতে মিরপুরের বিভিন্ন সড়কে প্রায় পাঁচ ঘণ্টা করে অবরোধ কর্মসূচি পালন করেন পোশাক শ্রমিকরা। তাদের দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
এদিকে, শনিবারের অবরোধ কর্মসূচি শেষে কয়েকটি পোশাক কারখানা ও শপিং মলে ভাঙচুরের ঘটনাও ঘটে।
সান নিউজ/ রাব্বি
