বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় শিল্পীর গান ও মঞ্চ পরিবেশনাকে গিটারের সুরে সমৃদ্ধ করা এই সংগীতশিল্পী বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে বড় বোনের বাসার বাথরুমে হঠাৎ অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। পরে চিকিৎসক এসে তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে।
সংগীতজীবনে দেশের শীর্ষস্থানীয় বহু শিল্পীর সঙ্গে কাজ করেছেন রাসেল খান। বিশেষ করে লাইভ কনসার্ট ও স্টেজ শোতে তার গিটারের উপস্থিতি ছিল দর্শক-শ্রোতাদের কাছে অত্যন্ত পরিচিত। যন্ত্রসংগীতে দক্ষতার পাশাপাশি তিনি মাঝে মাঝে কণ্ঠশিল্পী হিসেবেও গান পরিবেশন করতেন।
মৃত্যুর অল্প কিছুদিন আগেও তিনি সংগীতচর্চায় সক্রিয় ছিলেন। গত ১৩ অক্টোবর মানিকগঞ্জে আয়োজিত একটি অনুষ্ঠানে গিটার পরিবেশন করেছিলেন তিনি। সেটিই পরে তার জীবনের শেষ মঞ্চ উপস্থিতি হিসেবে স্মরণীয় হয়ে থাকে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় মুন্সিগঞ্জের বিক্রমপুরে নিজ গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের ব্যবস্থা করা হয়।
ব্যক্তিগত জীবনে রাসেল খান স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী এবং সহকর্মী রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সান নিউজ / রাজীব
