সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদের মরদেহ দেশে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এ সময় প্রতিমন্ত্রী জানান, নিহত শাহেদের পরিবারের পাশে সরকার থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে। পরে নিহতের স্বজনদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
সরকারি তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে এখন পর্যন্ত ১১ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের মধ্যে ছিলেন বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা শাহেদ আহম্মদ।
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, সংঘাতের কারণে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরকার কাজ করছে।
এদিকে, সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রীর ভাষ্য, ঘটনার প্রকৃত অবস্থা জানতে রায়ের অনুলিপি চেয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
সান নিউজ / রাজীব
