শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মোঃ জামাল উদ্দিন (৩৮) নামে এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেনকে অভিযুক্ত করা হয়েছে। নিহতের বড় ভাই ইস্কান্দার আলী খান বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি (নম্বর ৬৯)করেন।
মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ৯টা ৩ মিনিটে আশুলিয়ার নরসিংহপুরে শারমিন গ্রুপের আটতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আশুলিয়া থানায় মামলাটি (নম্বর ৬৯) নথিভুক্ত করা হয়। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জামাল উদ্দিন শারমিন গ্রুপে সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে তিনি কর্মস্থলে যান। পরে ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, কর্মস্থলে নিরাপত্তাহীনতা ও মানসিক নির্যাতনের বিষয়টি মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এ ঘটনায় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
এজাহারে শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন এবং তার ছেলে পরিচালক শারাফ হোসেনের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী ইস্কান্দার আলী খান তাঁর ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, ঘটনার পর নিহতের পরিবার মামলা করতে গেলে তা গ্রহণ করা হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। পরে মামলাটি থানায় নথিভুক্ত হয়েছে বলে প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ রয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটিকে অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
সাননিউজ/বান্না
