শিক্ষার্থী এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সুইজারল্যান্ডের জেনেভা-ভিত্তিক বেসরকারি সংস্থা ইউপিআর ইনফোর মধ্যে আজ বুধবার (১৪ অক্টোবর) উপাচার্যের সভাকক্ষে ভার্চুয়ালি একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ‘ইউপিআর ইনফো’র নির্বাহী পরিচালক মিস মোনা এম’বিকায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন
ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ‘ডিজাইন থিংকিং ইনোভেশন অ্যান্ড জেন্ডার ল্যাব’-এর প্রধান অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, ‘ইউপিআর ইনফো’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার বিশ্লেষণ, জনসমক্ষে বক্তব্য প্রদান, আলোচনা এবং গঠনমূলক সংলাপের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করবে। তারা নির্বাচিত শিক্ষার্থীদের জন্য এক বা একাধিক প্রস্তুতিমূলক প্রশিক্ষণ সেশনের আয়োজন করবে, যার মধ্যে শিক্ষার্থী, আয়োজক বা ফ্যাসিলিটেটরদের জন্য ‘ট্রেনিং-অফ-ট্রেইনার্স’ কার্যক্রমও অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজ এবং জাতীয় মানবাধিকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ অন্যান্য অংশীজনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মডেল ইউপিআর’-এর প্রস্তুতি, আয়োজন, বাস্তবায়ন ও মূল্যায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠান দুটির মধ্যে সহযোগিতার কাঠামো নির্ধারণ করাই এই চুক্তির মূল উদ্দেশ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের জন্য ‘ইউপিআর ইনফো’ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। প্রাতিষ্ঠানিক বা শিক্ষাগত গুরুত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রম এবং বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নয়নে এই অংশীদারিত্ব অর্থবহ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাননিউজ/বান্না
