ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে বলিউড অভিনেতা ইমরান খানকে আটকের খবর পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ে বিক্ষোভ চলাকালে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
তবে ঠিক কী কারণে এবং বিক্ষোভের কোন স্থান থেকে অভিনেতাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে একই দাবিতে দিল্লিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় দেড় হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরা।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। যন্তর মন্তরে বিক্ষোভে অংশ নিতে আসা ব্যক্তিদের আটক করার পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ব্যারিকেড বসায় পুলিশ। এ সময় কয়েকজন সাংবাদিককেও আটক করে বাসে তোলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে আটক নেতাদের মুক্তির দাবিতে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। রোববারের মধ্যে তাঁদের মুক্তি দেওয়া না হলে অনশন অথবা পদযাত্রা শুরু করার বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, আটক বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে ভারতের তরুণদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, সংবিধান রক্ষা এবং জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে কংগ্রেস আন্দোলনকারীদের পাশে থাকবে।
নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে বিভিন্ন শহরে বিক্ষোভ, পুলিশি আটক এবং বিরোধী নেতাদের প্রতিক্রিয়ায় ভারতের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।
সান নিউজ/ রাব্বি
