বাংলাদেশ সফরের আগে ইনজুরি ও পরিবর্তনের ধাক্কায় কিছুটা ছন্নছাড়া অবস্থা অজি শিবিরে। দলের নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স এবং পেসার লুসি হ্যামিল্টনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মলিনেক্সের অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার তালিয়া ম্যাকগ্রা।
মূলত পিঠের চোটের দীর্ঘমেয়াদি ধকল কাটিয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকায় এই সিরিজটি মিস করছেন মলিনেক্স ও হ্যামিল্টন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার আশা, ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই পুরোপুরি ফিট হয়ে তারা দুজন আবার দলে ফিরবেন। অন্যদিকে, পিঠের চোটের কারণে আরও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলের গতি তারকা ডারসি ব্রাউন। তবে আশা করা হচ্ছে, আগামী অক্টোবরের শেষের দিকে শুরু হতে যাওয়া উইমেন্স বিগ ব্যাশ লিগ (ডব্লিউবিবিএল)-এর কোনো এক পর্যায়ে তিনি ফের বল হাতে মাঠে নামতে পারবেন।
শুধু ইনজুরিই নয়, স্কোয়াডে এসেছে বেশ কিছু রদবদলও। সাম্প্রতিক ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা পরিচিত মুখ গ্রেস হ্যারিস। ইনজুরি ও নানা কাটছাঁটের জেরে ব্রিসবেনে আগামী ৯ থেকে ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য এই সংক্ষিপ্ত সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে বর্তমানে মাত্র ১২ জন ক্রিকেটার রয়েছেন। তবে সিলেক্টর-রা জানিয়েছেন, ঘরোয়া লিগ ডব্লিউএনসিএলের (WNCL) আসন্ন রাউন্ডের খেলা শেষ হওয়ার পর স্কোয়াডে আরও একজন নতুন ক্রিকেটারকে যুক্ত করা হতে পারে।
আসন্ন বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দল :
তালিয়া ম্যাকগ্রা (ওয়ানডে অধিনায়ক), সোফি মলিনেক্স (শুধু টি-টোয়েন্টির অধিনায়ক), নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, বেথ মুনি, এলিসে পেরি, মেগান শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।
সান নিউজ/রাজীব
