রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় নিরাপত্তাকর্মীদের বেঁধে রাখা হয় বলেও জানা গেছে। পরে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’
পোস্টে জামায়াত আমির দাবি করেন, মধ্যরাতে মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালান। তারা সেখানে ভাঙচুর ও লুটপাটের পর স্থাপনাটি গুঁড়িয়ে দেন বলেও উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ভেঙে ফেলার পর সেখানে একটি ‘রহস্যজনক’ সাইনবোর্ড টানানো হয়েছে। এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করার দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার একটি সুযোগ এভাবে নষ্ট করা হয়েছে। সরকারের পক্ষ থেকে একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলা হলেও অন্যদিকে এমন ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির প্রশ্ন তোলেন, এ ধরনের ঘটনা আর কতদিন চলবে। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
সান নিউজ/ রাব্বি
