দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী ৮৬টি প্রতিষ্ঠান গত তিন বছর ধরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করেনি।
প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদনের শর্ত অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না হলে তার পাঠদানের অনুমোদন বাতিল করার বিধান রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২০-এর বিধি ৫.৪ অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল করতে পারে।
শর্তগুলোর মধ্যে প্রতিষ্ঠানের ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি এবং পাঠদানের অনুমতি দেওয়ার সময় আরোপিত অন্যান্য শর্ত পূরণের বিষয় রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত করার পাশাপাশি তাদের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করা হবে না—এ বিষয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে ব্যাখ্যা দিতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে সংযুক্ত তালিকায় শোকজ পাওয়া ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে।
সান নিউজ/ রাব্বি
