সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল আলোচিত কয়েকটি মন্ত্রণালয়ে তেমন পরিবর্তন আসেনি। এতে বাদ পড়ার আশঙ্কায় থাকা কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী আপাতত স্বস্তি পেয়েছেন। তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা থেমে নেই। বরং সামনে আরও একটি পুনর্গঠনের সম্ভাবনা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।
সরকারের ছয় মাস পূর্তিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। বিশেষ করে কর্মদক্ষতা, মন্ত্রণালয়ের কার্যক্রম এবং সংশ্লিষ্টদের বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনা করে কয়েকজনকে সরিয়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং যোগাযোগ মন্ত্রণালয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এসব মন্ত্রণালয়ে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। বরং আগের আলোচনায় খুব বেশি না থাকা তথ্য মন্ত্রণালয়ে পরিবর্তন আসায় রাজনৈতিক মহলে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যের ভাষ্য, এবার বড় ধরনের রদবদল না হলেও যেসব মন্ত্রীকে নিয়ে সমালোচনা ছিল, তাদের জন্য এটি স্থায়ী স্বস্তির বিষয় নাও হতে পারে।
তার মতে, আগামীতে মন্ত্রিসভা পুনর্গঠনের সময় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কাজের গতি, রাজনৈতিক ভূমিকা এবং জনসম্পৃক্ততা আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হতে পারে। সরকারের প্রথম ছয় মাসে প্রত্যেক মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে ইতোমধ্যে একটি সামগ্রিক চিত্র তৈরি হয়েছে বলেও তিনি মনে করেন।
সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট ও লোডশেডিং নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ঘিরে রদবদলের আলোচনা জোরালো হয়েছিল।
তবে সংশ্লিষ্টদের অনেকে মনে করছেন, বর্তমান পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর সরাসরি দায় নির্ধারণ করা ঠিক হবে না। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাবেও দেশের পরিস্থিতি কঠিন হয়েছে।
এমন বাস্তবতায় সরকার অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান নেতৃত্বের ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
শিক্ষাঙ্গনের বিভিন্ন ঘটনা ও বিতর্কের কারণে শিক্ষা মন্ত্রণালয় নিয়েও পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। এমনকি এসব গুঞ্জনের প্রভাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমেও পড়েছিল বলে একটি সূত্র দাবি করেছে।
তবে শেষ পর্যন্ত রাজনৈতিক ভারসাম্য ও দলীয় বিভিন্ন হিসাব-নিকাশের কারণে মন্ত্রণালয়টিতে পরিবর্তন আনা হয়নি বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
রাজনৈতিক বিবেচনায় আরও একটি বিষয় গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে। ২০২৪ সালের নির্বাচনের আগে বিভিন্ন চাপ ও প্রলোভন থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট মন্ত্রী বিএনপির সঙ্গে ছিলেন এবং দলীয় নেতৃত্বের প্রতি আস্থা বজায় রেখেছিলেন—এ বিষয়টিও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ রদবদলে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তথ্য মন্ত্রণালয়ের পরিবর্তন। মন্ত্রিসভা পুনর্গঠনের আগের আলোচনায় জহির উদ্দিন স্বপনের নাম বিশেষভাবে সামনে ছিল না। তার কর্মদক্ষতা নিয়েও বড় ধরনের প্রশ্ন বা বিতর্ক ছিল না বলে রাজনৈতিক মহলে ধারণা ছিল।
সাংবাদিকদের সঙ্গে তার যোগাযোগ এবং সরকারের নীতি ও কার্যক্রম তুলে ধরার ক্ষেত্রে সক্রিয় থাকার বিষয়টিও আলোচিত ছিল। এরপরও তাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হয়েছেন আন্দালিভ রহমান পার্থ। দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে পরিচিত এই নেতা সংসদীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন। তরুণদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করা হয়।
তবে তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে তাকে প্রশাসনিক কাজের পাশাপাশি রাজনৈতিক যোগাযোগ ও গণমাধ্যমসংক্রান্ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। একই মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা ও একজন প্রতিমন্ত্রী থাকায় সমন্বয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়েও এসেছে ব্যতিক্রমী কাঠামো। একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর পাশাপাশি আরও একজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়ায় এখন একই মন্ত্রণালয়ে একজন মন্ত্রীর সঙ্গে দুজন প্রতিমন্ত্রী কাজ করবেন।
স্বাধীনতার পর একই মন্ত্রণালয়ে একই পদমর্যাদার দুজন প্রতিমন্ত্রী থাকার ঘটনা খুব বেশি দেখা যায়নি। ফলে তিনজনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ কতটা কার্যকরভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
রদবদলের সম্ভাব্য তালিকায় উত্তরবঙ্গের দুই প্রতিমন্ত্রী এবং ঢাকার একজন পূর্ণ মন্ত্রীর নামও ঘুরছিল। তাদের কর্মকাণ্ড ও বিভিন্ন ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা ছিল।
এক প্রতিমন্ত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লেও সেটি সরকারের কাছে যথেষ্ট বিশ্বাসযোগ্যতা পায়নি বলে জানা গেছে। অন্য একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনা থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি প্রকাশ্যে কম সক্রিয় থাকার কৌশল নিয়েছেন বলে সূত্রের দাবি।
ঢাকার সংশ্লিষ্ট মন্ত্রীও সাম্প্রতিক সময়ে বক্তব্য ও কর্মকাণ্ডে তুলনামূলকভাবে সতর্ক অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। ফলে আপাতত তিনজনই নিজ নিজ দায়িত্বে বহাল রয়েছেন।
সর্বশেষ রদবদলে বড় ধরনের পরিবর্তন না এলেও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি এখানেই শেষ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে না। বরং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পরবর্তী কয়েক মাসের কর্মদক্ষতা, রাজনৈতিক প্রয়োজন, জনসম্পৃক্ততা এবং বিতর্কের বিষয়গুলো নতুন করে মূল্যায়ন করা হতে পারে।
সরকারের কার্যক্রম এগিয়ে নিতে যেসব মন্ত্রণালয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না, সেসব জায়গায় ভবিষ্যতে নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।
ফলে মন্ত্রিসভায় রদবদলের আলোচনা আপাতত থামলেও এটি সাময়িক বিরতি মাত্র কি না, সেটিই এখন দেখার বিষয়। সামনে সরকারের সিদ্ধান্ত ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কার্যক্রমের ওপরই নির্ভর করবে পরবর্তী পুনর্গঠনের সমীকরণ।
