দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, “দায়িত্ব পাওয়ার পর থেকে শুধু সমালোচনাই শুনছি। কিন্তু থেমে থাকিনি, থেমে থাকবও না। সমালোচনা আমাকে কোথাও আটকে রাখতে পারবে না।”
শনিবার সন্ধ্যায় সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় অবস্থিত ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত ‘উপাচার্যদের সাথে সংলাপ’ শীর্ষক দুদিনব্যাপী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা খাতের মানোন্নয়ন নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে মন্ত্রী ১৯৮১ সালের ১৭ জানুয়ারির ‘হিজবুল বাহার’ নৌবিহারের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ওই শিক্ষা সফরের আয়োজন করেছিলেন। তখনও ব্যাপক সমালোচনা হয়েছিল। জিয়াউর রহমান সেদিন শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না। সেই শিক্ষা থেকেই আমি থমকে যাব না।”
দেশের উচ্চশিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী শিক্ষকদের গবেষণায় আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান। অতীতে যত্রতত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানোই বড় কথা নয়, শিক্ষার মান নিশ্চিত করাটাই আসল। আর সে কারণেই বর্তমান সরকার ঢালাওভাবে নতুন কোনো বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিচ্ছে না।”
বিশ্ববিদ্যালয়গুলোতে গুণগত শিক্ষা নিশ্চিত করতে ইউজিসির সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য উপাচার্যদের প্রতি তাগিদ দেন তিনি।
ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘উচ্চশিক্ষার উদ্দীপনা ও রূপান্তর’ (হিট) প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। সংলাপে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫০ জনেরও বেশি উপাচার্য, নীতিনির্ধারক, দেশি-বিদেশি শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা অংশ নেন। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সান নিউজ/ হুমায়রা
