ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তবে তুরস্কের এক সংসদ সদস্য এ দাবি করলেও কার্লোস নিজে এখনো বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি। ফলে তার ধর্মান্তরের খবরটি সত্য নাকি গুঞ্জন, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
ইসলাম গ্রহণের দাবিটি সামনে আসে তুরস্কের একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলি শাহিনের বক্তব্যের পর। ব্রাজিল সফরের সময় দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহিন জানান, ব্রাজিলের ইসলামি ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহের কাছ থেকে তিনি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর জানতে পেরেছেন। একই সঙ্গে সাবেক এই ব্রাজিলিয়ান তারকাকে ইসলাম গ্রহণের জন্য অভিনন্দনও জানান তিনি।
আলি শাহিনের দাবি, রবার্তো কার্লোসের সঙ্গে শেখ জিহাদ হাম্মাদেহের বেশ কিছুদিন ধরে যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে তাদের মধ্যে সাক্ষাৎও হয়।
শাহিনের ভাষ্য অনুযায়ী, ওই সাক্ষাতের সময় রবার্তো কার্লোস শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তবে এ দাবির সমর্থনে এখন পর্যন্ত কার্লোসের নিজের কোনো প্রকাশ্য বক্তব্য বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
আলি শাহিনের বক্তব্যের পর বিষয়টি দ্রুত তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোলও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে গোলের প্রতিবেদনে বলা হয়েছে, রবার্তো কার্লোস নিজে এখনো ইসলাম গ্রহণের খবর নিশ্চিত করেননি।
ফলে আপাতত বিষয়টি নিশ্চিত খবরের চেয়ে একটি দাবি বা গুঞ্জন হিসেবেই রয়ে গেছে। কার্লোস নিজে কোনো বক্তব্য দিলে তবেই তার ধর্মান্তরের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
আমার বাঙলা/ রাব্বি
