দলিল লেখক সমিতির সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন নীলফামারীর দলিল লেখকরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রীর কাছে এ স্মারকলিপি পাঠানো হয়।
এর আগে শহরের শহীদ মিনার এলাকার দলিল লেখক সমিতির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলিল লেখকরা। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এ সময় সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ, দলিল লেখক আজগর আলী সরকার ও ডিমলা উপজেলার দলিল লেখক মাসুদ রানাসহ অন্যরা বক্তব্য দেন।
স্মারকলিপিতে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল লেখকদের সম্মানিক পাঁচ হাজার টাকা নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখার সুযোগ না দেওয়া এবং অনভিজ্ঞ ব্যক্তিদের লাইসেন্স না দেওয়ার দাবি জানানো হয়।
এ ছাড়া সরকারি খরচে দলিল লেখকদের বসার ব্যবস্থা ও নামাজের স্থান নির্ধারণ, দলিল লেখক কাউন্সিল গঠন এবং পেশাগত দায়িত্ব পালনের কারণে দলিল লেখকদের আসামি না করার দাবিও রয়েছে স্মারকলিপিতে।
বাংলাদেশ দলিল লেখক সমিতি, নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, “সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আমাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এরপর সারাদেশে লিফলেট বিতরণ ও সমাবেশের মাধ্যমে দাবি বাস্তবায়নের জন্য কর্মসূচি পালন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই সরকার আমাদের সাত দফা দাবি মেনে নিয়ে দলিল লেখকদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।”
স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন।
আমার বাঙলা/ রাব্বি
