দীর্ঘ অপেক্ষা, হিসাব-নিকাশ ও সমীকরণের অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। একই সঙ্গে নিশ্চিত হয়েছে, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বিশ্বকাপের বাছাইপর্ব।
এ নিয়ে টানা তৃতীয়বার ওয়ানডে বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিতে বাছাইপর্বের লড়াইয়ে নামতে হবে ক্যারিবীয়দের।
২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার দৌড়ে শুরুতে বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। সেই লড়াইয়ে প্রথমে আফগানিস্তান এবং পরে বাংলাদেশ বাছাইপর্ব ছাড়াই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে স্বাগতিক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের জায়গা আগে থেকেই নিশ্চিত। দক্ষিণ আফ্রিকা র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকায় র্যাংকিংয়ের শীর্ষ নয় দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে।
বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর র্যাংকিংয়ের সমীকরণে বাংলাদেশের জায়গাও নিশ্চিত হয়ে যায়।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে সরাসরি বিশ্বকাপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
এদিকে, ৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের সামনে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ থাকলেও ওই দুই ম্যাচের ফল দিয়ে বাংলাদেশকে টপকে সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ নেই তাদের।
ফলে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত হলেও ওয়েস্ট ইন্ডিজকে এবারও বাছাইপর্বের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এর আগে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে খেলতে হয়েছিল ক্যারিবীয়দের।
সান নিউজ/ হুমায়রা
