বাগেরহাট জেলা জজ আদালতের চারজন সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) একযোগে পদত্যাগ করেছেন। রোববার (২ আগস্ট) দুপুরে তারা জেলা প্রশাসকের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ করা আইনজীবীরা হলেন—জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) কুতুব উদ্দিন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম স্বপন এবং মো. মহিবুল্লাহ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, তারা সবাই ব্যক্তিগত কারণ উল্লেখ করে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
পদত্যাগের বিষয়ে এপিপি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ বলেন, ব্যক্তিগত আইন পেশা ও সরকারি দায়িত্ব একই সঙ্গে পরিচালনা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, নিজের পেশাগত ব্যস্ততার কারণে সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছিল।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চারজন সরকারি সহকারী কৌঁসুলির পদত্যাগপত্র তারা পেয়েছেন।
তিনি জানান, সরকারি কৌঁসুলি নিয়োগ ও দায়িত্ব সংক্রান্ত বিষয়ে ‘দ্য লিগ্যাল রিমেমব্রেন্সার্স ম্যানুয়াল’ অনুসরণ করা হয়। ওই বিধিমালা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চার সরকারি আইন কর্মকর্তার পদত্যাগের পর এসব পদে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আইনজীবী মহলের মতে, আদালতের কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত সময়ের মধ্যে শূন্য পদগুলো পূরণ করা প্রয়োজন।
