কুষ্টিয়ার মিরপুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে স্বজনদের হামলায় নুর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামের ওহাব মন্ডলের ছেলে।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে নুর ইসলামের সঙ্গে তার বড় ভাই কালাম মন্ডলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কালাম মন্ডল, জিতুসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে নুর ইসলামের ওপর হামলা চালান।
অভিযোগ রয়েছে, দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানোর একপর্যায়ে নুর ইসলাম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তারা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিতু নামে একজনকে আটক করেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার বাঙলা/ রাব্বি
