রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক দুটি সন্দেহজনক বস্তু ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাজনিত কারণে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের কার্যক্রম প্রায় এক ঘণ্টার জন্য স্থগিত রাখা হলেও পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, কোথাও কোনো বিস্ফোরক ছিল না।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, দুপুর ১২টা ৫৮ মিনিটের দিকে মিরপুর-১০ স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান নিরাপত্তাকর্মীরা। তাৎক্ষণিকভাবে নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় মেট্রোরেলের ট্রেনগুলো মিরপুর-১০ স্টেশনে না থেমে চলাচল করে।
খবর পেয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ব্যাগটি পরীক্ষা করে। এক্স-রে স্ক্যানের পর ব্যাগের ভেতরে একটি কৌটাসদৃশ বস্তু শনাক্ত হয়।
পরবর্তীতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ব্যাগটি নিরাপদভাবে খোলা হয়। পরীক্ষা শেষে দেখা যায়, ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা এবং পান। কোনো ধরনের বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ উপকরণ পাওয়া যায়নি।
নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর দুপুর ১টা ৫০ মিনিটে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের কার্যক্রম পুনরায় চালু করা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
এদিকে একই দিনে তেজগাঁও থানার আওতাধীন ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত বস্তা ঘিরেও বোমা থাকার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে ডিএমপির সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
বোম্ব ডিসপোজাল টিম প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে বস্তাটি পরীক্ষা করে। পরে নিশ্চিত হওয়া যায়, এর ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল না।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো সন্দেহজনক বস্তুর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি ঘটনায় নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে পরিস্থিতি মূল্যায়ন করা হয়, যাতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
ডিএমপি আরও জানিয়েছে, এ ধরনের ঘটনার ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে সন্দেহজনক কোনো বস্তু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
