চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা চার দিন করে ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন। এর সঙ্গে এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি যোগ করলে মোট আট দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হতে পারে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশজুড়ে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস-আদালত খোলা থাকবে। তবে ওই দিন ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
এছাড়া ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এ ছুটির দিন চাঁদ দেখার ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
ঈদে মিলাদুন্নবীর ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার)। ওই দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি ঘোষণা করে থাকে।
তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এ ছুটির সুবিধা প্রযোজ্য হবে না।
সান নিউজ/ রাব্বি
