বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (২৬ জুলাই) আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ আবাসন ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, বর্তমানে বিদেশগামী কর্মীদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত ‘ওয়েজ আর্নার্স সেন্টার’-এ ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে আকস্মিক ফ্লাইট বাতিল, সংকটকালীন পরিস্থিতি বা অন্যান্য জরুরি প্রয়োজনে প্রবাসীদের ভোগান্তি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হজ ক্যাম্পে অতিরিক্ত ১০০ শয্যার আবাসন সুবিধা চালু করা হবে।
তিনি বলেন, এর মধ্যে পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি বেড থাকবে। এই উদ্যোগের সার্বিক অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’।
বর্তমান সরকারের প্রবাসীবান্ধব নীতির কথা উল্লেখ করে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে সম্পূর্ণ বদ্ধপরিকর। যুদ্ধবিগ্রহ বা বৈরী আবহাওয়াসহ নানা কারণে অনেক সময় ফ্লাইট বিলম্ব বা বাতিল হয়। এমন মুহূর্তে বিমানবন্দরে প্রবাসীরা যে আবাসন সংকটে পড়েন, হজ্জ ক্যাম্পে এই শয্যা ব্যবস্থা প্রবাসীদের সেই দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।
সান নিউজ/ রাব্বি
