১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবার অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিশে শূরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ১১ দলীয় ঐক্যের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস। তবে ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত নির্বাচনী সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার মধ্য দিয়ে ওই জোটের কার্যকারিতা কার্যত শেষ হয়ে গেছে। এরপরও নির্বাচন-পরবর্তী সময়ে জোটের কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছিল খেলাফত মজলিস। বর্তমান পরিস্থিতিতে দলটি জোটের সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারসামগ্রীতে দল কিংবা দলের নেতাদের নাম ব্যবহার না করার জন্য।
রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিশে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে দলের নায়েবে আমির, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও মজলিশে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।
সান নিউজ/ জামান
