পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার-আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত সম্প্রসারণের কারণে ঢাকা শহরের ব্যবস্থাপনা আরও জটিল হয়ে উঠছে। এ পরিস্থিতিতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানো জরুরি।
তিনি বলেন, মানুষ যখন বুঝতে পারে নিয়ম ভঙ্গ করলে জবাবদিহির মুখোমুখি হতে হবে, তখন তারা আইন মানতে উৎসাহিত হয়। তাই পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা তৈরির পাশাপাশি কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
মির্জা ফখরুল বলেন, ঢাকার সমস্যা সমাধানে সিটি করপোরেশন, রাজউক, ওয়াসাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ দরকার। পাশাপাশি শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার শিক্ষা দিতে হবে।
বর্জ্য ব্যবস্থাপনায় শুধু অবকাঠামো নয়, মানুষের আচরণগত পরিবর্তনও জরুরি উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে।
বুড়িগঙ্গা নদীর দূষণের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, নদী ও পরিবেশ রক্ষায় সরকার কাজ করছে। ঢাকার চারপাশের নদীগুলো পুনরুদ্ধার করা গেলে নগরের পরিবেশ ও ভবিষ্যৎ আরও টেকসই হবে।
সেমিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সান নিউজ/ জামান
