শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে দ্রুত কমিটি গঠনের জন্য ফের তাগিদ দেওয়া হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে ‘নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে’ অ্যাডহক কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ে কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১৭ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্র অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে।
এতে আরও বলা হয়, নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এর জন্য দায়ী করা হবে এবং তিনি বিধি অনুযায়ী ব্যবস্থার আওতায় আসবেন।
সান নিউজ/ হুমায়রা
