জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, এ-সংক্রান্ত আইন ও বিধিবিধান মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় নির্বাচনের কার্যক্রম মূল্যায়ন এবং স্থানীয় সরকার নির্বাচনে ইসির কর্মপদ্ধতি নির্ধারণবিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার আশঙ্কা তুলনামূলক বেশি। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করছে ইসি।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন আয়োজন করতে গিয়ে কমিশনকে বিভিন্ন পর্যায়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অতীতে নির্বাচন কমিশনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হলেও এবার সংসদ নির্বাচন একটি মানসম্মত নির্বাচন হিসেবে সম্পন্ন হয়েছে।
সংসদ নির্বাচনে কিছু ঘাটতি ছিল উল্লেখ করে সিইসি বলেন, সেসব ঘাটতি চিহ্নিত করে স্থানীয় সরকার নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করতে কমিশন কাজ করছে।
এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানান সিইসি। এ বিষয়ে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
আমার বাঙলা/ রাব্বি
