নারায়ণগঞ্জের আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে আমান-আয়াত, মাবিয়ান-জায়ের কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। রুদ্ধশ্বাস লড়াইয়ে সোনারগাঁও দলকে পরাজিত করে স্বাগতিক আড়াইহাজার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ ও রক্ষণভাগে দারুণ নৈপুণ্যের পরিচয় দেয়। হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় মাঠজুড়ে ছিল চরম উত্তেজনা। শেষ পর্যন্ত অসাধারণ দলীয় সমন্বয়, কৌশলী খেলা এবং দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় আড়াইহাজার দল। অন্যদিকে, সোনারগাঁও দল রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান আড়াইহাজার পৌরসভা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সবুজ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সমাজসেবী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী আড়াইহাজার দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ সোনারগাঁও দলের হাতে রানারআপ ট্রফি তুলে দেন।
আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকরা সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আমার বাঙলা/ রাব্বি
