ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ও রাতে ব্যানার এবং লাঠিসোঠা নিয়ে ৩৫ থেকে ৪০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী মহাসড়কের কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেন। মিছিল শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে যান। পরে অভিযান চালিয়ে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় কয়েকজন পানিতে সাঁতরে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, ড্রাইভার ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুন্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন এবং সজীব মিয়া।
পুলিশের তথ্যমতে, গ্রেফতারদের মধ্যে প্রথম চারজন সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের চালক। বাকি নয়জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারদের অধিকাংশই সাভার পৌর এলাকার বাসিন্দা। তারা আওয়ামী লীগ নেতা রাজীব সমর ও আতিকের অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বুধবার সকালে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সান নিউজ/ জামান
