দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা তাঁর অভিনীত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’ দিয়ে বিরতি ভাঙতে যাচ্ছেন এই অভিনেত্রী। অনম বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। আরও রয়েছেন ইরফান সাজ্জাদ ও খায়রুল বাসার।
শুটিং শেষে সিনেমাটির নাম ‘ফুটবল ৭১’ থেকে পরিবর্তন করে রাখা হয় ‘ঠিকানা বাংলাদেশ’। একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা হলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। অবশেষে গত বুধবার সিনেমাটি মুক্তির খবর নিশ্চিত করেন পরিচালক। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে স্বাধীন বাংলা ফুটবল দলের ইতিহাস উঠে এসেছে।
সিনেমাটি নিয়ে আশাবাদী ফারিয়া। তাঁর কথায়, ‘এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ভূমিকা আমাদের ইতিহাসের গর্বের অংশ। এমন গল্পের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। চাই, নতুন প্রজন্ম এই ইতিহাস সম্পর্কে আরও জানুক। বিরতির পর আমার সিনেমা প্রেক্ষাগৃহে আসছে। আশা করছি, দর্শক এটি ভালোভাবে গ্রহণ করবেন।’
নতুন কাজেও ব্যস্ত ফারিয়া। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘লাপাত্তা’ সিনেমায় কাজ করেছেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘দীর্ঘ বিরতির পর আবার নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়ানো বিশেষ অনুভূতি। এফডিসিতে এর দৃশধারণ হয়েছে। এটি আমার চিরচেনা জায়গা। গল্পটি ভালো লেগেছে। এখানে থ্রিল, সাসপেন্স, আবেগ ও কমেডি– সবই আছে। কেন্দ্রীয় নারী চরিত্রটির নানা দিক একজন অভিনেত্রী হিসেবে আমাকে আকৃষ্ট করেছে।’
সিনেমাটিতে তাঁর সহশিল্পী নাসির উদ্দিন খান ও শাহরিয়ার নাজিম জয়। এদিকে ‘লজ্জা’ সিনেমায়ও সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। এম এইচ খোকন পরিচালিত সিনেমাটিতে তাঁর সঙ্গে থাকবেন আজমেরী হক বাঁধন। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার এ ছবির গল্প লিখেছেন আবদুল আজিজ। এতে সমাজসচেতন একটি বিষয় তুলে ধরা হবে।
জীবনের কঠিন সময় পেরিয়ে কাজে ফেরাকে গুরুত্বপূর্ণ মনে করেন ফারিয়া। তাঁর ভাষ্য, ‘সবকিছু সব সময় পরিকল্পনামতো হয় না। কিছু পরিস্থিতি থামিয়ে দেয়, আবার কিছু ঘটনা নতুন করে ভাবতে শেখায়। এখন আগের চেয়ে বেশি ধৈর্য ধরতে পারি। মানুষের ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে। সেই শক্তি নিয়েই সামনে এগোতে চাই।’
চলচ্চিত্রের পরিবর্তন নিয়েও ইতিবাচক ফারিয়া। তাঁর মতে, দর্শকের রুচি ও গল্প বলার ধরন বদলেছে। ওটিটির প্রসার শিল্পীদের সামনে নতুন সুযোগ তৈরি করেছে, বেড়েছে দায়িত্বও। অভিনয়ের পাশাপাশি গানেও মনোযোগী তিনি। ‘লোকে বলে’ গানটির সাড়া তাঁকে উৎসাহিত করেছে। ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ছিল আনন্দের। সামনে আরও দুটি নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁর। সুযোগ পেলে ফিরতে চান উপস্থাপনাতেও।

ভ্রমণপ্রিয় ফারিয়া সম্প্রতি ঘুরেছেন তুরস্ক ও যুক্তরাজ্যের অক্সফোর্ডে। তাঁর কাছে ভ্রমণ মানসিকভাবে নতুন উদ্যম ফিরে পাওয়ার উপায়।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফারিয়া বলেন, ‘নিজেকে কোনো একটি পরিচয়ে আটকে রাখতে চাই না। অভিনয়ে চ্যালেঞ্জিং চরিত্র, ভালো গল্পের সিনেমা ও ওটিটিতে কাজ করতে চাই। গানে আরও ভালো কিছু করার ইচ্ছা আছে। আমি এখনও স্বপ্ন দেখি, সেই স্বপ্ন পূরণে কাজ করে যেতে চাই। আমার মনে হয়, স্বপ্নপূরণের গল্প এখনও শেষ হয়নি।’
সান নিউজ/ হেনা
