লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট কেটে যেতে পারে আশা প্রকাশ করে তিনি বলেন, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে বিদ্যুৎ পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত ও অসহায়-দরিদ্রদের অনুদান প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বিরোধী দলগুলোর উদ্দেশে তারেক রহমান বলেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান দিতে পারলে সরকার তাদের প্রস্তাব গ্রহণ করবে। তবে তা সম্ভব না হলে বিভ্রান্তিকর রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
তিনি বলেন, ‘বিভ্রান্তি ও হঠকারী রাজনীতি বাদ দিন। জনগণের উপকার হবে—এমন কোনো পরিকল্পনা থাকলে তা উপস্থাপন করুন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।’
গ্যাস সংকট নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে যারা সরকারের সমালোচনা করছেন, তারা বাস্তব পরিস্থিতি বিবেচনা করছেন না। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমান সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে, তবে এটি বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন হবে।
সংকট মোকাবিলায় সরকার চীন ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করেছে বলেও জানান তিনি।
ঢাকা-১৭ আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তারেক রহমান বলেন, এলাকার জনগণের সেবায় সরকারের প্রতিনিধিরা কাজ করছেন। পাশের লেকটি পরিষ্কার করতেও প্রায় ছয় মাস সময় লাগছে। কাজগুলো সহজ নয়, কিন্তু সমালোচনা করা তুলনামূলক সহজ।
তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, ‘যারা সমালোচনায় ব্যস্ত আছেন, তারা এখনই মাঠে নামুন। মানুষ ও দেশের জন্য কাজ করুন। সঠিক কথা বলুন এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়—এমন বক্তব্য থেকে বিরত থাকুন।’
বিএনপির নেতাকর্মীদের ওপর অতীতের নির্যাতনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা রাজপথে টিকে ছিলেন। যারা এখন বড় গলায় কথা বলছেন, গত ১৭ বছর তাদের রাজপথে দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন দেখলেই বোঝা যায়, কীভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটেছে।
একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, ওই দলের নেতারা ১৯৭১, ১৯৮৬ ও ১৯৯৬ সালে ভুল করেছেন এবং ২০২৬ সালেও জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি তাদের উসকানির রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সংসদে জনগণের কল্যাণে কোনো কার্যকর পরিকল্পনা উপস্থাপন করা হলে সরকার তা বিবেচনা করবে এবং প্রয়োজন অনুযায়ী বাস্তবায়নের উদ্যোগ নেবে।
আমার বাঙলা/ রাব্বি
