আসন্ন মরজাল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন মরজাল ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন গাজী সবুজ। হাটে-মাঠে-ঘাটে, চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় তাঁকে নিয়ে চলছে নানা আলোচনা। স্থানীয় ভোটারদের মধ্যে তাঁর প্রার্থিতা ঘিরে তৈরি হয়েছে আগ্রহ ও কৌতূহল।
আল আমিন গাজী সবুজ একজন বিজ্ঞ দরবারী, অভিজ্ঞ সার্ভেয়ার, সমাজসেবক ও স্থানীয়ভাবে পরিচিত ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক কর্মকাণ্ড এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। একজন জনবান্ধব ও মানুষের কাছের মানুষ হিসেবে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে।
রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তাঁর দীর্ঘ পথচলা। মরজাল ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা আল আমিন গাজী সবুজ দলের দুঃসময়ে নানা প্রতিকূলতা, মামলা ও হামলার শিকার হয়েছেন বলে তাঁর সমর্থকদের দাবি। দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় তাঁকে একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে মূল্যায়ন করেন দলীয় নেতাকর্মীরা।
এ ছাড়া নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির আস্থাভাজন হিসেবেও পরিচিত আল আমিন গাজী সবুজ।
আসন্ন নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন। তাঁর প্রত্যাশা, নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখবেন।
স্থানীয় সচেতন মহলের মতে, আসন্ন নির্বাচনকে ঘিরে ৯ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ধীরে ধীরে জমে উঠছে। এরই মধ্যে আল আমিন গাজী সবুজের প্রার্থিতাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
সব মিলিয়ে আসন্ন মরজাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে আল আমিন গাজী সবুজের সম্ভাব্য প্রার্থিতা এখন স্থানীয় আলোচনার অন্যতম বিষয়।
সাননিউজ/বান্না
