কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে তিন জেলায় একযোগে অভিযান চালিয়ে মোট ১ হাজার ২৯ জনকে আটক করা হয়। এর মধ্যে কুমিল্লায় ৪১৫, চাঁদপুরে ৩৭০ এবং লক্ষ্মীপুরে ২৪৪ জন রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে বেশিরভাগকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লায় তৃতীয় দফায় কিশোর অপরাধবিরোধী অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়। জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের ভাষ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় এ অভিযান চালানো হয়েছে।
অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পূর্বের অপরাধে সম্পৃক্ততা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, কুমিল্লায় তিন দিনের অভিযানে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৮১ জনকে বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে এবং ৫৯১ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে চাঁদপুরে কিশোর অপরাধবিরোধী বিশেষ অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়েছে। জেলার আটটি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, চাঁদপুর সদরে ৩৫, হাইমচরে ৪৮, ফরিদগঞ্জে ৪১, হাজীগঞ্জে ৩৭, কচুয়ায় ৬২, শাহরাস্তিতে ৪৫, মতলব উত্তরে ৫২ এবং মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এছাড়া ডিবি পুলিশ জেলার বিভিন্ন এলাকা থেকে আরও ১৪ জনকে আটক করে। পরে ৩৫৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অন্যদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
অন্যদিকে, লক্ষ্মীপুরে বিশেষ অভিযানে ২৪৪ জনকে আটক করেছে পুলিশ। জেলার ছয়টি থানায় রোববার রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে সদর থানায় ৪২, চন্দ্রগঞ্জে ২১, রায়পুরে ৪৪, রামগঞ্জে ৩৭, রামগতিতে ৪৪ এবং কমলনগরে ৫৬ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং ও কিশোর অপরাধপ্রবণতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় প্রথমে এ ধরনের অভিযান শুরু করে প্রশাসন।
সান নিউজ/ রাব্বি
