১৯৯১ সালের পর এটিই মার্কিন মুলুকে সর্বোচ্চ সংখ্যক মানুষের হামে আক্রান্ত হওয়ার রেকর্ড।
যুক্তরাষ্ট্রে বর্তমানে হামের প্রাদুর্ভাব এমন এক আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে, যা বিগত কয়েক দশকের সব পরিসংখ্যানকে পেছনে ফেলে দিয়েছে। দেশটির প্রধান স্বাস্থ্য সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর প্রকাশ করা সর্বশেষ উপাত্ত অনুযায়ী, চলতি বছর দেশটিতে নতুন করে ৫ হাজার ১৮২ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
শিশু ও কিশোররাই প্রধান টার্গেট: দ্রুত ছড়ানোর নেপথ্য কারণ :
রোগতাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে, এমন আকস্মিক ও তীব্র সংক্রমণের শিকার মূলত তরুণ সমাজ। মোট আক্রান্তদের প্রায় ৫৯ শতাংশই শিশু ও কিশোর বয়সি। এর মধ্যে ৫ বছরের নিচে থাকা শিশুর হার ১৮ শতাংশ এবং ৫ থেকে ১৯ বছর বয়সি কিশোরদের অনুপাত ৪১ শতাংশ।
যদিও হাম অত্যন্ত সহজে ও দ্রুত বাতাসে ছড়াতে পারে, তবে এটি শতভাগ প্রতিরোধযোগ্য একটি রোগ। এ বছর যত মানুষ ভাইরাসটির কবলে পড়েছেন, তাদের মধ্যে বিশাল একটি অংশ—প্রায় ৪ হাজার ৯৯৩ জন—অন্যের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন, যা জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য এক বড় ধরনের অ্যালার্ম।
পেনসিলভানিয়ায় মহাবিপর্যয় এবং স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে নতুন বিতর্ক :
যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে পেনসিলভানিয়া হামের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, সেখানে ১ হাজার ৪৮৭ জন অসুস্থ হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৬ জন।
তবে এই প্রাণহাণিগুলোকে কেন্দ্র করে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র ও পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরোর মধ্যে তীব্র দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে। পেনসিলভানিয়া প্রশাসনের নিয়ম অনুযায়ী, হাম ধরা পড়ার ৩০ দিনের মধ্যে কোনো রোগীর মৃত্যু হলে তা ‘হাম-সংশ্লিষ্ট’ বলে গণ্য করা হয়।
এই নিয়মের ভিত্তিতে আগস্টে মারা যাওয়া দুই ব্যক্তির নাম সিডিসির প্রাথমিক তালিকায় স্থান পেয়েছিল। কিন্তু প্রকাশ্য টিকাবিরোধী অবস্থান নেওয়া স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র ওই দুই মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তোলেন। পরবর্তীতে তীব্র বিতর্কের মুখে সিডিসি বাধ্য হয়ে ওই দুটি মৃত্যুর তথ্য তাদের জাতীয় তালিকা থেকে বাদ দেয়। অথচ স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল যে, মৃত ওই দুই ব্যক্তি কখনোই হামের টিকা নেননি।
বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে ঝুঁকি: বিশেষজ্ঞদের কঠোর হুশিয়ারি :
দুই দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। বিশেষ করে যেসব জনপদে টিকা নিয়ে নানা সংশয় রয়েছে কিংবা যারা আধুনিক স্বাস্থ্যসেবার নাগালের বাইরে বসবাস করছে, সেখানে রোগটি নতুন করে ডালপালা মেলছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অত্যন্ত জোরালো ভাষায় সতর্ক করে বলেছেন, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে টিকাদানের হার সামান্য মাত্রায় কমে গেলেও তার প্রভাব কেবল স্থানীয়দের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং এর মাধ্যমে হাজার হাজার মাইল দূরের সুস্থ মানুষও চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে যায়।
সান নিউজ / রাজীব
