উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক পর্দা ওঠে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জেলার টঙ্গীবাড়ি উপজেলা ও মিরকাদিম পৌরসভা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২–০ গোলে মিরকাদিম পৌরসভাকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে টঙ্গীবাড়ি উপজেলা দল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমী মাহবুবসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, ক্রীড়া সংগঠক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, জেলা ক্রীড়া সংস্থা ও অংশগ্রহণকারী দলগুলোর পতাকা উত্তোলন করা হয়। পরে চ্যাম্পিয়ন ট্রফি ও দলগুলোর জার্সি উন্মোচন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক গোল্ডকাপকে ঘিরে ইতোমধ্যে জেলার ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আয়োজকদের আশা, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি বিভিন্ন উপজেলা ও পৌরসভার মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ আরও শক্তিশালী হবে।
সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৪ আগস্ট।
সান নিউজ/ জামান
