মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখালে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ ফরহাদ হোসেন ওরফে বাবু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলার রাঢ়িখালের আল আমিন মৃধার মুদি দোকানের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ফরহাদ হোসেন ঢাকার দোহার উপজেলার লটাখোলার মৃত গফুর আকনের ছেলে। তিনি শ্রীনগর উপজেলার বালাসুর ফ্যান ফ্যাক্টরি এলাকায় শহিদুল বেপারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাঁর সঙ্গে গোয়েন্দা পুলিশের অন্য সদস্যরাও ছিলেন।
এসআই কামরুল হাসান বলেন, ‘মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাঢ়িখাল এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
সাননিউজ/বান্না
