মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল ও অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে আটক ৩৩ কিশোরসহ ৩৭ জনকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পৃথক শুনানি শেষে শিশু আদালত ও আমলী আদালতের নন-জিআর আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, শিশু আদালতের বিচারক জাহানারা ফেরদৌস ৩৩ শিশু-কিশোরের জামিন মঞ্জুর করেন। অন্যদিকে, প্রাপ্তবয়স্ক চারজনের জামিন দেন আমলী আদালতের নন-জিআর আদালতের বিচারক আইরিন আক্তার।
পুলিশের অভিযোগ, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল ও অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে গত ১৩ নভেম্বর বিকেল ৫টার দিকে সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকা থেকে ৩৩ কিশোরসহ মোট ৩৭ জনকে আটক করে পুলিশ। পরে ৩৩ কিশোরকে শিশু আদালতে এবং প্রাপ্তবয়স্ক চারজনকে আমলী আদালতে পাঠানো হয়।
তবে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের দাবি, তাঁরা কোনো মিছিল বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে যাননি; বরং ঘুরতে গিয়েছিলেন। একটি পক্ষের অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করা হলেও পরবর্তী সময়ে মিছিল বা অপরাধ পরিকল্পনার অভিযোগের সপক্ষে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তাঁরা।
আটকের পর থেকেই তাঁদের স্বজনেরা থানা এলাকায় ভিড় করতে থাকেন। পরবর্তী সময়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলে রোববার দিনভর কারাফটকের সামনে অবস্থান নেন কয়েকজন অভিভাবক। রাতেও আটক কিশোরদের মুক্তির দাবিতে বেশ কয়েকজন নারী কারাফটকের সামনে অবস্থান করেন। সোমবার দুপুরে পৃথক আদালতে জামিন শুনানি শেষে ৩৭ জনের জামিন মঞ্জুর করা হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের নন-জিআরও মো. ইউনুস মিয়া বলেন, দুটি আদালতে শুনানি শেষে মুচলেকার ভিত্তিতে তাঁদের জামিন মঞ্জুর করেছেন আদালত। আদালতের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের মুক্তি দেওয়া হবে।
সাননিউজ/বান্না
