মানুষের উপকার হয়— এমন পরিকল্পনা গ্রহণ করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আজকে এই খাল কাটা অনুষ্ঠানে আসুন আমাদের প্রতিজ্ঞা হোক, আমাদের শপথ হোক যে, আমরা করব কাজ, গড়ব দেশ— সবার আগে বাংলাদেশ। এটাতে আছেন নাকি আমার সঙ্গে দেশ গড়ার কাজে। আসুন আজকে থেকে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে— দেশ গঠন; দেশ গড়া, রাষ্ট্র পুনর্গঠন…এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।
শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তির খোর্দ্দ খাল পুনঃখননের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই— আমরা স্বপ্ন দেখতে চাই না; আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
খাল খনন কর্মসূচির প্রসঙ্গে টেনে প্রধানমন্ত্রী বলেন, ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করে দিয়ে গিয়েছিলেন, সেই খাল পুনঃখননের এই অনুষ্ঠান। আসুন আমরা সকলে প্রতিজ্ঞা গ্রহণ করি, কী প্রতিজ্ঞা? সেটা হচ্ছে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরিফে বলে দিয়েছেন, যে জাতি নিজেদেরকে সাহায্য করে আমি তাকে সাহায্য করি’। এই খাল যদি খনন না করি, কৃষক ভাইয়েরা কি পানি পাবে? পাবে না। কাজেই খাল খনন করলে কৃষক ভাইয়েরা পানি পাবে।
তিনি বলেন, বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি একসাথে কাজ করে ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।
বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা যেরকম নির্বাচনের আগে জনগণের সামনে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ অতীতে সবসময় দেখা গিয়েছে বিএনপি যে সকল প্রতিশ্রুতি জনগণকে দেয়; বিএনপি দেশ পরিচালনা করার সময় আস্তে আস্তে সবগুলো প্রতিশ্রুতি তারা বাস্তবায়নের চেষ্টা করে। কাজেই আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। বিএনপির শক্তির উৎস কারা? বিএনপি শক্তির উৎস বাংলাদেশের জনগণ। সেজন্যই আমরা বলি, সেজন্যই আমরা যারা বিএনপি করি, সেজন্যই আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দল করেছি, আমরা সকলে বলি— জনগণই হচ্ছে আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি। আপনাদের সমর্থন আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবে, আপনাদের সমর্থন যতক্ষণ থাকবে আমাদের দেশ করার কাজ ইনশল্লাহ চলতে থাকবে।
শনিবার ঢাকা থেকে সড়ক পথে বেলা ২টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন স্থলে পৌঁছে ফলক উন্মোচন করে এই কর্মসূচি উদ্বোধন করেন।
ফলক উন্মোচনের পরে খালের তীরে নেমে কোদাল দিয়ে মাটি কাটেন প্রধানমন্ত্রী। পরে খালের তীরে বৃক্ষরোপণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্য সচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সহসভাপতি আবু ইউসুফ রুপম।
১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খোর্দ্দ খাল খনন করেছিলেন। ৪৮ বছর পর সেই খাল পুনঃখনন করলেন তারই ছেলে তারেক রহমান।
সাননিউজ/আরএ
