বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায় লাখ লাখ ব্যবহারকারী চরম বিড়ম্বনায় পড়েছেন। ইমেইল সেবা আউটলুক, ভিডিও বৈঠকের মাধ্যম টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর আরও কয়েকটি সেবা ঠিকমতো ব্যবহার করা যায়নি। এই বিভ্রাটের ধাক্কা লেগেছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দুই প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু সেবাতেও।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, বৃহস্পতিবার টানা পাঁচ ঘণ্টারও বেশি সময় মাইক্রোসফটের এসব সেবা ব্যাহত ছিল। যুক্তরাষ্ট্র, জাপান ও সিঙ্গাপুরসহ নানা দেশের গ্রাহকেরা সমস্যার মুখে পড়েন। মাইক্রোসফট জানায়, তাদের কিছু সার্ভার হঠাৎ কাজ করা বন্ধ করে দেওয়ায় বাকি সচল সার্ভারের ওপর বাড়তি চাপ পড়ে, যার জেরে পুরো পরিস্থিতির অবনতি ঘটে। সমস্যা মেটাতে প্রকৌশলীরা কাজ করছেন বলেও জানায় প্রতিষ্ঠানটি।
এক্স প্ল্যাটফর্মে একের পর এক বার্তায় মাইক্রোসফট জানায়, সেবা আগের অবস্থায় ফেরাতে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। বিকল সার্ভারগুলো আবার চালু করা এবং গ্রাহকদের দুর্ভোগ লাঘবে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তারা উল্লেখ করে।
কখন, কীভাবে শুরু হলো বিপর্যয় :
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের কাছাকাছি সময়ে সমস্যার সূত্রপাত হয়। এক পর্যায়ে আউটলুক নিয়ে অভিযোগ জমা পড়ে এক লাখ ত্রিশ হাজারের বেশি।
অনলাইন সেবার বিঘ্ন নজরদারি করা প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্যমতে, গ্রিনিচ মান সময় সন্ধ্যা ছয়টার দিকে আউটলুক সংক্রান্ত অভিযোগের সংখ্যা বিশ্বজুড়ে প্রায় এক লাখ চল্লিশ হাজারে গিয়ে ঠেকে। পরবর্তী সময়ে অভিযোগের সংখ্যা কমে এলেও সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানাতে থাকেন।
সমস্যার মূলে কী ছিল :
মাইক্রোসফটের ব্যাখ্যা অনুযায়ী, প্রধান জটিলতা তৈরি হয় এক্সচেঞ্জ অনলাইনের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে। এর ফলে মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবাও আক্রান্ত হয়। আউটলুকে ইমেইল ও ক্যালেন্ডারের তথ্য খুলতে এবং কিছু নথি ব্যবহার করতে গিয়ে ব্যবহারকারীরা বাধার সম্মুখীন হন। প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটও সঠিকভাবে সাড়া দিচ্ছিল না।
মাইক্রোসফট জানায়, প্রথমে কয়েকটি সার্ভারের নিয়মিত ‘হেলথ চেক’ পরীক্ষায় ব্যর্থতা ধরা পড়ে। পরে বোঝা যায়, ওই সার্ভারগুলোর একাংশ কার্যত অচল হয়ে গেছে। পরিস্থিতি সামলাতে সেগুলো নতুন করে চালুর পদক্ষেপ নেওয়া হয়।
একটা সময় প্রতিষ্ঠানটি জানায়, যেসব সার্ভার ফের চালু করা গেছে সেগুলো এখন স্থিতিশীল। একই সঙ্গে ইন্টারনেট ট্রাফিককে ভিন্ন পথে ঘুরিয়ে বাকি সার্ভার চালুর চেষ্টা চলছে। তবে সার্ভার সচল হলেও সব সেবা পুরোপুরি স্বাভাবিক হতে খানিকটা সময় লাগতে পারে বলে গ্রাহকদের আগেভাগেই সতর্ক করে দেওয়া হয়।
অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানেও প্রভাব :
এই বিভ্রাটের আঁচ গিয়ে লেগেছে মাইক্রোসফটের বাইরের কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানেও। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানায়, মাইক্রোসফটের সেবার সঙ্গে তাদের সংযোগ ব্যাহত হওয়ায় কিছু টুল প্রত্যাশামতো কাজ করেনি। বিষয়টি তারা খতিয়ে দেখছে।
অন্যদিকে অ্যানথ্রপিক জানায়, তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টর-সংক্রান্ত জটিলতার উৎস চিহ্নিত করা গেছে। তৃতীয় একটি সেবাদাতা প্রতিষ্ঠানের দিক থেকে ওই সমস্যার জন্ম হয়েছিল বলে তারা জানায়।
ব্যবসায়িক ক্ষতি: পিছিয়ে গেল আর্থিক ফল প্রকাশ :
মাইক্রোসফটের অনলাইন সেবার ওপর ভর করে চলা অনেক ব্যবসাপ্রতিষ্ঠানও এই বিপর্যয়ে ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক ট্রাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ার্কহর্স গ্রুপের বৃহস্পতিবারই চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল জানানোর কথা ছিল। সেবা বিভ্রাটের কারণে সেই ঘোষণা পিছিয়ে ১৬ নভেম্বরে নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানায়।
এর আগে গত মাসেও মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক সেবা অ্যাজুরে বড় ধরনের গোলযোগ দেখা দিয়েছিল। সেবার সেই বিঘ্নে বিভিন্ন খাতের ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতির শিকার হয়।
‘সবাই বাড়ি চলে যাই’: বিপর্যয়ে কর্মীদের রসিকতা :
অনেক প্রতিষ্ঠানের অফিসের কাজ থমকে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ পরিস্থিতিকে হালকাভাবে নিয়েছেন। সিএনএনের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের কয়েকটি করপোরেট প্রতিষ্ঠানের কর্মী জানিয়েছেন, আউটলুক ও টিমস বন্ধ থাকায় কাজের চাপ থেকে কিছুক্ষণের জন্য তারা হাঁপ ছেড়ে বেঁচেছেন।
এক ব্যবহারকারী এক্সে মজা করে লিখেছেন, আউটলুক ও টিমস দুটোই যখন বন্ধ, তখন সবাই মিলে বাড়ি চলে গেলেই তো হয়।
প্রতিদিনের যোগাযোগ, তথ্যের আদান-প্রদান এবং কাজের সমন্বয়ের জন্য বিশ্বের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মাইক্রোসফট ৩৬৫-এর মতো সেবার ওপর কতটা ভর করে আছে, এই বিপর্যয় তা আরও একবার স্পষ্ট করে দিয়েছে।
সান নিউজ / রাজীব
