ভারতে ভ্রমণ বা চিকিৎসার উদ্দেশ্যে ভিসা আবেদন করতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন এই নির্দেশনায় অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ওয়েবফাইল আপলোড এবং মেডিকেল ভিসা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা হয়েছে।
সোমবার প্রকাশিত নির্দেশনায় আইভ্যাক জানিয়েছে, পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই উন্মুক্ত করা হবে। ফলে আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নির্দিষ্ট সময়ে করতে হবে ওয়েবফাইল আপলোড
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনকারীরা সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোডের সুযোগ পাবেন। সফলভাবে ওয়েবফাইল জমা দেওয়ার পর বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়া শুরু হবে।
আইভ্যাক জানিয়েছে, আপলোড করা ফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ সংস্করণ হতে হবে। সেই ফাইল ৩০ দিনের বেশি পুরোনো হলে তা গ্রহণ করা হবে না। এছাড়া সম্পাদিত, পরিবর্তিত বা বিকৃত কোনো নথিও গ্রহণযোগ্য নয়।
মেডিকেল ভিসাধারীদের জন্য বিশেষ সতর্কতা
মেডিকেল ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে আরও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভিসা যে হাসপাতালের নামে ইস্যু করা হয়েছে, চিকিৎসার জন্য আবেদনকারীকে অবশ্যই সেই হাসপাতালেই যেতে হবে।
যদি কোনো কারণে হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।
ভবিষ্যৎ ভ্রমণে পড়তে পারেন জটিলতায়
নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত নিয়ম অমান্য করলে ভবিষ্যতে ভারতে ভ্রমণ বা নতুন ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। তাই আবেদনকারীদের সব তথ্য সঠিকভাবে প্রদান এবং নিয়ম মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনকারীদের সচেতন থাকার আহ্বান
ভিসা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে এসব পরিবর্তন আনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবেদনকারীদের নিয়মিত আইভ্যাক ও ভারতীয় হাইকমিশনের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভিসা আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট গ্রহণে কোনো ধরনের সমস্যা না হয়।
