ব্রাজিল জাতীয় দলে ফিরলেন নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তি প্রথমবারের মতো তাকে চূড়ান্ত দলে জায়গা দিয়েছেন। আর প্রথম ডাকই এসেছে বিশ্বকাপ মিশনের জন্য। দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে ২৬ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াডে জায়গা নিশ্চিত হয়েছে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার।
প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় নাম থাকলেও নেইমারকে নিয়ে সংশয় কাটছিল না। চোট থেকে পুরোপুরি ফেরা, ফিটনেস এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় রেখেই শেষ পর্যন্ত তাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি। একই সঙ্গে ব্রাজিল কোচ স্পষ্ট করেছেন, স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে জায়গা এখনো নিশ্চিত নয় এই তারকা ফরোয়ার্ডের।
রিও ডি জেনেইরোতে সোমবার (১৮ মে) দিবাগত রাতে জমকালো আয়োজনে ঘোষণা করা হয় ব্রাজিলের বিশ্বকাপ দল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার, কোচ ও ফুটবল অঙ্গনের নানা পরিচিত মুখ। ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, ১৩টি দেশের সাংবাদিকসহ ৬০০-এর বেশি গণমাধ্যমকর্মী অনুষ্ঠানটি কাভার করেন। আর নেইমারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
দল ঘোষণার পর আনচেলত্তি জানান, মৌসুমজুড়েই নজর রাখা হয়েছে নেইমারের ওপর। ব্রাজিল কোচের ভাষায়, সাম্প্রতিক সময়ে নিয়মিত খেলতে পারা এবং শারীরিক অবস্থার উন্নতিই তাকে দলে নেওয়ার বড় কারণ। তবে অন্যদের মতোই তাকে দায়িত্ব পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
৩৪ বছর বয়সী নেইমার আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ ৭৯ গোলের মালিক। তবে ২০২৩ সালে এসিএল চোটে পড়ার পর থেকে বারবার ইনজুরিতে ভুগেছেন তিনি। তাই শতভাগ ফিটনেসই ছিল জাতীয় দলে ফেরার প্রধান শর্ত। যদিও সান্তোসের হয়ে সর্বশেষ ম্যাচেও কিছুটা শারীরিক অস্বস্তিতে দেখা গেছে তাকে। সে কারণে আনচেলত্তিও ফিটনেস নিয়ে পুরোপুরি নিশ্চয়তা দেননি।
ব্রাজিল কোচ পরিষ্কার করে জানিয়েছেন, বিশ্বকাপে নেইমারের ভূমিকা নির্ভর করবে তার প্রস্তুতির ওপর। তার মতে, প্রথম একাদশে খেলা, বেঞ্চে থাকা কিংবা নির্দিষ্ট সময়ে বদলি হিসেবে নামার মতো সব সম্ভাবনাই খোলা আছে। তবে অভিজ্ঞ এই ফরোয়ার্ড দলের পরিবেশ ইতিবাচক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও মনে করেন তিনি।
আনচেলত্তি বলেন, কোনো একক তারকার ওপর নির্ভর করতে চান না তিনি। বরং দলগত পারফরম্যান্সই হবে ব্রাজিলের মূল শক্তি। তার ভাষায়, বিশ্বকাপ জিততে হলে পুরো দলকেই অবদান রাখতে হবে। এমন খেলোয়াড়ই তিনি বেছে নিয়েছেন, যারা দলকে খেলার সময় এক মিনিট হোক কিংবা পুরো ম্যাচ এগিয়ে নিতে পারবেন।
একই সঙ্গে স্কোয়াড নিয়ে এখনই অতিরিক্ত সমালোচনা না করার আহ্বানও জানিয়েছেন ইতালিয়ান এই কোচ। তার মতে, এটি হয়তো নিখুঁত দল নয়, তবে সহনশীল, নিবেদিত এবং দলকেন্দ্রিক একটি স্কোয়াড গড়া হয়েছে।
সাননিউজ/আরএ
