পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোর পার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় আরও বেশ কয়েকজন সন্ত্রাসী আহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একাধিক আস্তানা ঘিরে ফেলে। সন্ত্রাসীরা তিনটি পৃথক দলে অবস্থান করছিল। পরে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, অভিযানে ১০ জন সন্ত্রাসী নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। অভিযান শেষে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি ও ক্লিয়ারেন্স অভিযান শুরু করা হয়েছে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক অভিযান চলবে। অঞ্চল থেকে সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, শোর পারের পার্বত্য এলাকায় সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিপিকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “সন্ত্রাসীরা মানবতার শত্রু। তাদের বিরুদ্ধে সফল অভিযান আমাদের নিরাপত্তা বাহিনীর সক্ষমতার প্রমাণ।”
শাহবাজ শরিফ আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পুরো জাতি নিরাপত্তা বাহিনীর পাশে রয়েছে এবং দেশ থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
এর আগে, বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ ল্যাংগোভ সশস্ত্র হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান। কালাতে একটি পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়ে কোয়েটায় ফেরার পথে তার গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়।
সান নিউজ/ হুমায়রা
