দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের পোশাকবিধিতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
নতুন নির্দেশনা অনুযায়ী, ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারক ও আইনজীবীদের জন্য কালো কোট পরা আর বাধ্যতামূলক থাকছে না।
মঙ্গলবার (১ জুলাই) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা গাউন এবং প্রয়োজন অনুযায়ী সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড পরবেন। তবে কালো কোট পরার বাধ্যবাধকতা থাকবে না।
আইনজীবীদের ক্ষেত্রেও আগের পোশাকবিধি বহাল রাখা হয়েছে। তারা সাদা ফুলশার্ট অথবা সাদা শাড়ি/সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরতে পারবেন। তাদের জন্যও কালো কোট ও গাউন পরা বাধ্যতামূলক নয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন এ নির্দেশনা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বাংলাদেশের প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
নির্দেশনাটি দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, বিভিন্ন বিশেষ ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল, শ্রম আদালতসহ সংশ্লিষ্ট বিচারিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
সান নিউজ/ জামান
